রোকসানা আক্তার পিংকি
, (রাঙ্গামাটি)
রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘সাংগ্রাই’। মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে একে অপরকে শুদ্ধ করে নেওয়ার এই উৎসবে মেতেছে পাহাড়ের তরুণ-তরুণীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাঙ্গাামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)-এর উদ্যোগে দিনব্যাপী এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এবং মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন পানি ছিটিয়ে ‘সাংগ্রাই মৈত্রী জল উৎসব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উৎসবস্থলে দেখা যায়, দুই লাইনে মুখোমুখি দাঁড়িয়ে একদল মারমা তরুণ-তরুণী। সামনে বড় পাত্রভর্তি জল। একে অপরের গায়ে অবিরাম পানি বর্ষণ করে তারা ধুয়ে নিচ্ছেন ফেলে আসা বছরের সব গ্লানি। মারমা ভাষায় একে বলা হয় ‘সাংগ্রাই রিলং পোয়ে’।
আয়োজক সংগঠন মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর উৎসব উদযাপন কমিটির সভাপতি পাইচিমং মারমা বলেন, সাংগ্রাই কেবল একটি উৎসব নয়, এটি পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক। নতুন প্রজন্মের কাছে নিজেদের কৃষ্টি তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য।
দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের সকল অধিবাসীদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই আমাদের সরকারের লক্ষ্য। এখন আর কারো প্রতি বৈষম্য হবে না। তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।