প্রজন্ম২৪
, পাইকগাছা (খুলনা
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী ও পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক এফ এম এ রাজ্জাক (৬৮) গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসকের তত্ত্বাবধানে নেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১৯ এপ্রিল তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাবেন।
এদিকে তার অসুস্থতার খবরে পাইকগাছা ও আশপাশের এলাকায় আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সাংবাদিক হিসেবেও তিনি সুপরিচিত। যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি হিসেবে এবং পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক হিসেবে সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
তার অসুস্থতার খবরের পর তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এফ এম এ রাজ্জাকের পরিবারও সকলের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তিনি আবারো সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে সক্ষম হবেন।