রোকসানা আক্তার পিংকি:
, রাঙ্গামাটি
প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানাতে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে নানা আয়োজন শুরু হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে এই উৎসবটি বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান, চাংক্রাই, পাতা এবং বাংলা নববর্ষ নামে পরিচিত।
এই পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে নববর্ষ শুধু একটি দিন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ঐতিহ্যবাহী উৎসব।পাহাড়িদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সমতল থেকে আসা সংস্কৃতিপ্রেমী উৎসুক মানুষও যোগ দিয়ে থাকেন এ উৎসবে।
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব (বিজু, বৈসু, সাংগ্রাই, বিহ, চাংক্রান, সাংলান, বিষু, চাংক্রাই, পাতা, বাংলা নববর্ষ) উপলক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি'র আয়োজনে আগামী ৬-১০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ৫ দিনব্যাপী বৈসাবি উৎসবের আয়োজন করা হয়েছে।
এছাড়া বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু, চাংক্রান, বিষু, সাংলান, চাংক্রাই ও পাতা উদযাপন পরিষদ ২০২৬-এর উদ্যোগে রাঙ্গামাটির চিংহ্লামং মারী স্টেডিয়ামে শুরু হয় চারদিনব্যাপী অনুষ্ঠানমালা। ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলা এই ৪ দিনব্যাপী আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য, লোকজ খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেন।
বৈসাবি উৎসবের মেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা, বাঁশ খরম দিয়ে হাঁটা, বেইন বুনন, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা তৈরি, পাজন রান্না, মঞ্চনাটক, চিত্রাঙ্কন ও বর্ণমালা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যদ্রব্য ও ব্যবহার্য পোশাকের শতাধিক স্টল বসেছে।
উল্লেখ্য, আয়োজনকে ঘিরে পাহাড়িরা বড় পরিসরে ১৫ দিনব্যাপী উৎসব করে থাকে। মূল উৎসব হয় ৩০ চৈত্র। আগামী ১২ এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। ১৩ এপ্রিল পালিত হবে মূল বিজু, এদিন নানা সবজি দিয়ে প্রস্তুত করা হবে ঐতিহ্যবাহী টক-ঝাল-মিষ্টি স্বাদের ‘পাঁজন’। আর ১৪ এপ্রিল পালিত হবে গজ্জাপজ্জা বা পহেলা বৈশাখ। আগামী ১৭ এপ্রিল রাঙামাটির রাজস্থলির বাঙ্গালহালিয়ায় মারমা জনগোষ্ঠীর জলকেলী উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের এ বর্ণিল উৎসব।