প্রজন্ম24
, ঢাকা
পাকিস্তানের ক্রিকেটে হলো নতুন ইতিহাস। প্রেসিডেন্ট ট্রফির গ্রেড-ওয়ান ম্যাচে মাত্র ৪০ রানের পুঁজি নিয়েও জয় পেল পাকিস্তান টিভি (পিটিভি)। যা ভেঙে দিল প্রথম শ্রেণির ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার শেষ হওয়া ম্যাচে সুই নর্দার্নের বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়ে ২ রানে জিতেছে পিটিভি। প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এত কম রানের লক্ষ্য দিয়ে জয়ের রেকর্ড নেই আর।
এর আগে ১৭৯৪ সালে লর্ডসের পুরোনো মাঠে এমসিসির বিপক্ষে মাত্র ৪১ রানের টার্গেট দিয়েও ৬ রানে জিতে গিয়েছিল ওল্ড ফিল্ড। প্রায় ২৩২ বছর ধরে টিকে থাকার পর ২০২৬ সালের জানুয়ারিতে এই রেকর্ড এখন নিজের করে নিল পিটিভি।
ইতিহাস গড়া ম্যাচে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় পিটিভি। জবাবে ২৩৮ রান করে ৭২ রানের লিড পায় সুই নর্দার্ন। দ্বিতীয় ইনিংসে আরও বাজে ব্যাটিং করে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় পিটিভি। ফলে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রানের।
এই অল্প রান নিয়ে বল হাতে আগুন ঝরান আমাদ বাট ও আলি উসমান। ৯.৫ ওভারে মাত্র ৯ রানে ৬ উইকেট নেন উসমান। আর ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন আমাদ। সব মিলিয়ে ১৯.৫ ওভারে গুটিয়ে যায় সুই নর্দার্ন।