প্রজন্ম২৪ ডেস্ক
রাজধানীর কয়েকটি এলাকার রাস্তায় কুরবানির পশুর বর্জ্যসহ ময়লা থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুই কর্মকর্তারা হলেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)। শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসা থেকে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিতে চলে যান।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (বামে) ও মো. সাদেকুর রহমান। ফাইল ছবি
এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাই খাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি তিনি দেখেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কুরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছিলেন। তিনি কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
হাতিরপুল, এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, তাদের সাময়িক বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম গাড়িতে ছিলেন।