প্রজন্ম ডেস্ক (মণিরামপুর)
ভবদহ জলাবদ্ধতা নিরসনে ২৮০ কোটি টাকার টিআরএমভিত্তিক প্রকল্প প্রস্তাবনাটি দ্রুত অনুমোদনসহ সাত দফা দাবি উত্থাপন করেছে মণিরামপুর উপজেলা পানি কমিটি। মঙ্গলবার সকালে উপজেলা পানি কমিটির সভা থেকে এই দাবি উত্থাপন করা হয়। মনোহরপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি সংস্থা উত্তরণের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবদহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কেন্দ্রীয় পানি কমিটির সদস্য আব্দুল মতলেব সরদার।
সভায় উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ভবদহ জলাবদ্ধতা মোকাবেলায় জনগণের ৭দফা দাবিসমূহ একটি আবেদন পেশ করেন। দাবিসমূহ হলো, ২৮০ কোটি টাকা টিআরএম ভিত্তিক প্রকল্প প্রস্তাবনাটি দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা। চলমান ১৪০ কোটি টাকার প্রকল্পের আত্ততাভুক্ত নদী খনন কাজ ডিজাইন অনুযায়ী সম্পন্ন করা। কুলবাড়িয়া স্লুইসগেট থেকে নিম্নে মধুখালী মোহনা পর্যন্ত তেলিগাতী ঘ্যাংরাইল নদী খননের জন্য নতুন একটি প্রকল্প গ্রহণ করা। আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকরা যাতে সহজে ক্ষতিপূরণের টাকা পায় তার ব্যবস্থা করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা। টেকা-মুক্তেশ্বরী ও অন্যান্য খালসমূহ থেকে পানি নিস্কাশনের সকল ধরণের বাঁধা অপসারণ এবং খালসমূহ সংস্কার করা। হরি নদীর পশ্চিম পাশে বিল কপালিয়া স্লুইসগেট এবং ডাইয়ের খালী ৮ ভেন্ট স্লুইসগেটে পাওয়ার পাম্প স্থাপন করা। বর্ষা মৌসুমে প্লাবিত এলাকার দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা।
মণিরামপুর উপজেলা পানি কমিটির সভাপতি মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য শেখ সেলিম আক্তার স্বপন, মশিয়াহাটি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফিরোজ উদ্দিন, উপজেলা পানি কমিটির সহসভাপতি নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন, বেসরকারি সংস্থা উত্তরণের কর্মকর্তা দিলীপ কুমার সানা, ফিল্ড অর্গানাভজার গোলাম হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।