রোকসানা আক্তার পিংকি
, রাঙামাটি
রাঙ্গামাটি শহরের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 'ফুয়েল কার্ড' ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করছে। ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় পাম্পগুলোতে আর দীর্ঘলাইন ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না।
শনিবার (১১ এপ্রিল) শহরের চারটি ফিলিং স্টেশনে নিয়মমাফিক অকটেন বিক্রি হচ্ছে। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় থেকে ১১টা পর্যন্ত তেল বিক্রির সময় দেয়া থাকলেও এখন আর দীর্ঘ সারি দেখা যায় না পাম্পগুলোতে।
পাম্পে ফুয়েল কার্ড না থাকলে জ্বালানি পাওয়া যাচ্ছে না। একই সাথে, ফুয়েল কার্ড পেতে পুলিশ সদস্যদের সাহায্য করতে দেখা গেছে। পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্যরা কাজ করছেন।
তেল নিতে আসা সাইমন ইসলাম বলেন, পূর্বে পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হলে একজন একাধিক পাম্প থেকে তেল নেয়ার সুযোগ পেতো। ফুয়েল কার্ড করার কারণে তেলের ব্যক্তিগত মজুদ বন্ধ ও পাম্পগুলোতে অপ্রয়োজনীয় লোকজনের সংখ্যাও কমে এসেছে। এতে প্রয়োজনীদের সুবিধা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফুয়েল কার্ড ছাড়া কেউ জ্বালানি নিতে পারবেন না। যাদের ফুয়েল কার্ড নেই, তাদের কার্ড পেতে আমরা সাহায্য করছি। ফলে দীর্ঘলাইন ও বিশৃঙ্খলা দেখা যায় না।