প্রজন্ম24
, ডেক্স
সাফ নারী ফুটসালে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। সাবিনা খাতুনরা ওই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আজ ভুটানকে মোকাবিলায় মাঠে নামেন। তবে নাটকীয়তায় ঠাসা ম্যাচে হার এড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সাইদ খোদারাহমির শিষ্যরা।
ব্যাংককের ননথাবুরি হলে ভুটানের বিপক্ষে আজ এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের ড্র করেছেন বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল করেন সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন ও সাবিনা। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন সাবিনা।
এদিন পঞ্চম মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। জামিয়াং চোডেনের গোলে এগিয়ে যায় ভুটান। দুই মিনিট পরই দূরপাল্লার শটে বাংলাদেশকে সমতায় ফেরান সুমাইয়া।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর গোলকিপারের ভুল পজিশনের সুযোগ নিয়ে সোনম নিজের দ্বিতীয় গোলটি করলে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে খোদারাহমির দল।
ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন ত্রাতা হয়ে আসেন অধিনায়ক সাবিনা। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে ব্যবধান কমান তিনি। এর কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সমতাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাসুরা।
দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।