জসিম উদ্দিন, মনিরামপুর
মনিরামপুরের পাম্প-ডিপো মালিকদের কারসাজিতে কৃত্রিম জ্বালানি তেল সংকট
ছবি: জসিম উদ্দিন
মনিরামপুরের পাম্প-ডিপো মালিকদের কারসাজিতে কৃত্রিম জ্বালানি তেল সংকট, ভোগান্তিতে যানবাহন মালিকরা
মনিরামপুরের বিভিন্ন স্থানে পাম্প ও ডিপো মালিকদের একটি অসাধু চক্র কৃত্রিমভাবে জ্বালানি তেলের সংকট সৃষ্টি করছে—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে পাম্পগুলোতে তেল বিক্রি সীমিত করা হচ্ছে, যার ফলে বিপাকে পড়ছেন মনিরামপুরের হাজারো যানবাহন মালিক ও চালকরা ।
সরেজমিনে দেখা গেছে, মনিরামপুরের সদরে কয়েকটি ও রাজগন্জেের পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছে না। বরং ‘তেল নেই’ বা ‘সরবরাহ কম’—এমন অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও নির্দিষ্ট গ্রাহক বা বাড়তি মূল্যের বিনিময়ে গোপনে তেল বিক্রির অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী পরিবহন মালিকরা জানান, এই কৃত্রিম সংকটের কারণে তাদের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেখানকার বাস, ট্রাক ও মোটর সাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বাজারে অস্থিরতা তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যেই একটি চক্র এই সংকট তৈরি করছে। জনদুর্ভোগ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভুক্তভোগীরা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোরের জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।