প্রজন্ম 24 ডেস্ক:
ছবি: সংগৃহীত
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন এলাকায় পরপর চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। গত সোমবার রাতে রোহিতা ইউনিয়নের সরসকাঠি চটপটি মোড়-এর পাসে দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বোরো মৌসুমে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রান্সফরমার চুরির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কৃষকেরা জমিতে পানি দিতে না পারলে ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে জানান স্থানীয়রা। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জলকর রোহিতা জামে মসজিদ থেকে মাইকসেট ও ব্যাটারি চুরির ঘটনাও ঘটে। মাত্র এক দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “পরপর এমন চুরির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।” তারা দ্রুত তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।