প্রজন্ম 24 ডেস্ক:
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র দুই ঘণ্টায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরাসরি নির্দেশ ও তদারকিতে রাজধানী থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী আফনান সাঈদকে মাত্র দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চামেলীবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, প্রাথমিক তদন্তে অপহরণকারীদের স্থানীয় ছিনতাইকারী ও মাদকসেবী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ন্যাশনাল আইডিয়াল কলেজেযে শিক্ষার্থী আফনান সাঈদ বিকেল ৩টার দিকে সাইকেল চালাতে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর তার ফোন থেকে বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
অপহৃতের বাবা শামীম আহমেদ, যিনি সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে কর্মরত, ছেলের নিখোঁজের খবর পেয়ে ভেঙে পড়েন। সে সময় তিনি সচিবালয়েই ছিলেন।
বিকেলে সচিবালয় থেকে বের হওয়ার সময় শামীম আহমেদের আর্তনাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। নিরাপত্তাকর্মীদের বাধা সত্ত্বেও পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী তাকে ডেকে নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। এরপর তিনি দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডিএমপি তাৎক্ষণিক অভিযান শুরু করে। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। বিকেল ৫টার দিকে চামেলীবাগের একটি নির্মাণাধীন ভবন থেকে আফনানকে উদ্ধার করা হয়।
ছেলেকে ফিরে পেয়ে শামীম আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি কি ভাষায় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই।