প্রজন্ম24 রাজগঞ্জ :
যশোরের মনিরামপুর উপজেলার গাবুখালী বাজারে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাঠির আঘাতে গুরুত্বর আহত ওলিয়ার রহমান (৫৫) মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। নিহত ওলিয়ার রহমান মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামের মৃত মকছেদ আলী পাড়ের ছেলে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওলিয়ার রহমান গাবুখালী বাজারে আলাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় একই গ্রামের ওয়াদুদের ছেলে মানসিক ভারসাম্যহীন (পাগল) সোহান (১৯) হঠাৎ কোনো কারণ ছাড়াই কাঠের লাঠি দিয়ে ওলিয়ার রহমানের মাথায় সজোরে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তার মৃত্যু হয়।