প্রজন্ম24 ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলার ছয়টি আসনে ৮২৪টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে অতি গুরুত্বপূর্ণ ৭১টি কেন্দ্রসহ মোট ৩০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসন।
যশোর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৯৩টি। এ আসনটিতে জেলার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে পুলিশ। এছাড়া যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৫১টি কেন্দ্র।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ১৭৫টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪৫টি। এর মধ্যে চৌগাছায় ৮১টির মধ্যে গুরুত্বপূর্ণ ২৩টি এবং ঝিকরগাছায় ৯৪টির মধ্যে ২২টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ।
যশোর-৩ (সদর) আসনে ১৯০টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৫০টি। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ১৪৮টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪২টি। যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ২১টি। ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ১৪ হাজার ৬২ পুলিশ, আনসার সেনাবাহিনী ও এয়ারফোর্সের সদস্য। এর সাথে থাকবে র্যাবের পেট্রোল টিম, বিজিবির প্লাটুন। সেই সাথে থাকবে ২০০ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম।
যশোর নির্বাচন অফিস সূত্রে জানাযায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৮২৪ প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এতে ৪ হাজার ৬৭৯ সহপ্রিজাইডিং অফিসার, ৯ হাজার ৩৫৮ পোলিং অফিসার। এর মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ১০২ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১০২ প্রিজাইডিং অফিসার, ৫৭৭ কক্ষে ৫৭৭ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১৫৪ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১৭৫ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৭৫ প্রিজাইডিং অফিসার, ৯০৫ কক্ষে ৯০৫ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮১০ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৩ (সদর) আসনে ১৯০ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৯০ প্রিজাইডিং অফিসার, ১ হাজার ১৮৩ কক্ষে ১ হাজার ১৮৩ সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৩৬৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১৪৮ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৪৮ প্রিজাইডিং অফিসার, ৮৬৯ কক্ষে ৮৬৯ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৭৩৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।