প্রজন্ম24 ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের ১৯টি আসনের মধ্যে সুনামগঞ্জের পাঁচটি আসনের সবগুলোতেই জয় পেয়েছে বিএনপি।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা—মধ্যনগর—তাহিরপুর—জামালগঞ্জ) আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের তোফায়েল আহমদ খান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্র থেকে প্রাপ্ত ভোট গণনায় প্রায় ১১ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে ১৭৭ ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে বিএনপি প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কামরুজ্জামান কামরুল পেয়েছেন এক লাখ ৬৪ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নাছির উদ্দিন চৌধুরী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মোহাম্মদ শিশির মনির। বেসরকারি ফলাফল অনুযায়ী, নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন চৌধুরী।
পরাজিত জামায়াতের প্রার্থী শিশির মনির বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। মোহাম্মদ কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন, তালা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।
৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কয়ছর আহমেদ। রাত সাড়ে ৯টায় তার নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।
সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নূরুল ইসলাম নূরুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মোহাম্মদ সামছ উদ্দিন। নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৭ হাজার ৫৫৫ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম। কলিম উদ্দিন আহমেদ মিলন (ধানের শীষ) মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। বেসরকারি হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।