ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রজন্ম২৪

, কালিগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১১:০৩ পিএম
উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য মিলনমেলা, প্রীতিভোজ, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মে) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সেকেন্দারনগর চৌমুহনীস্থ রংধনু কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান সঞ্চালনা করেন এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু অনুষ্ঠান উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল ওহাব সিদ্দিকী এবং জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিক সংবাদ মানুষের মাঝে তুলে ধরতে হবে। দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি লেখালেখি করতে হবে, তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।
তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের নেতৃত্বদানকারী জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নীতি-নৈতিকতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। আমরা সবাই যদি দেশের উন্নয়ন ও কল্যাণের কথা চিন্তা করি, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই চেতনা ধারণ করেই কাজ করতে হবে।
তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, লেখনীর মাধ্যমে দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি প্রেসক্লাবের ভবনসহ বিভিন্ন সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীবসহ অন্যান্য অতিথিরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। অন্যান্য উপজেলায় সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকলেও কালিগঞ্জে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, যা অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।তারা আরও বলেন, সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করতে হবে এবং গুজব ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। অতিথিরা প্রেসক্লাবের জরাজীর্ণ অবস্থা দূর করে উন্নত অবকাঠামো নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। একইসঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন, ভবন রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের ঘটে যাওয়া নানা ঘটনা সত্য ও নিষ্ঠার সঙ্গে মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে রংধনু কমিউনিটি সেন্টারে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় অতিথিদের উত্তরীয়, ক্রেস্ট ও ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাতের মনোরম পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয় এবং পরে র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফুর পবিত্র গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা কনিকা সরকার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)