ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জয়ার সচেতনতার বার্তা

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০৬ পিএম
জয়ার সচেতনতার বার্তা

prajanma24 জয়া আহসান ছবি: ফাইল ছবি

২০২৫ সালে দুই বাংলার প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া। জয়া জানান, ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ওসিডি’। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সিনেমাটি নির্মিত হয়েছে শিশু নির্যাতনের ঘটনা নিয়ে।আমাদের সমাজে শিশু নির্যাতনের নানা রকম ঘটনা ঘটে। সেসব নিয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন নির্মাতা সৌকর্য।
এ সিনেমায় জয়া অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে। তার জীবনজুড়ে লেগে আছে অতীতের ধূসর ছায়া। শৈশবের তিক্ত অভিজ্ঞতা মনের গভীরে অন্ধকার হয়ে জমে থাকে এবং তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একপর্যায়ে তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরোধিতা করে, তাদের প্রতি ক্রমেই বিতৃষ্ণ হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী হয়, তার উত্তর মিলবে সিনেমার পর্দায়।
পরিচালক সৌকর্য ঘোষালের মতে, ‘ওসিডি’ মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা। এটি শুধু থ্রিলার হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদও। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে সৌকর্য বলেন, ‘বড়দের সমস্যা নিয়ে আমরা যতটা সরব, শিশুদের সমস্যার ক্ষেত্রে ততটাই নীরব। এ নীরবতাই ভবিষ্যতে মানসিক অসুখ, ট্রমা ও জটিলতার জন্ম দেয়। ওসিডি তারই একটি রূপ।’
সিনেমাটিতে জয়া আহসান তুলনামূলক নতুন একটি চরিত্রে অভিনয় করেছেন। এর জন্য অবশ্যই প্রয়োজন ছিল প্রস্তুতি। শ্বেতা চরিত্রের জন্য প্রস্তুতি বিষয়ে জয়া বলেন, ‘এ ছবির স্ক্রিপ্টটা একেবারেই আলাদা। সাধারণ ধারার বাইরে। চরিত্রটির ভেতরে যেমন ওসিডির জটিলতা আছে, তেমনই রয়েছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। ছবিতে বাচ্চাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তাই শূটিংয়ের প্রতিটি মুহূর্তেই আলাদা সতর্কতা আর সংবেদনশীলতা বজায় রাখতে হয়েছে। এ চরিত্রে ঢুকতে ওসিডি নিয়ে পড়াশোনা করেছি।’
সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করছেন কণিকা ব্যানার্জি, অনসূয়া মজুমদার, আরশিয়া মুখার্জি, কৌশিক সেন, ফজলুর রহমান বাবু প্রমুখ।
দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও নিয়মিত কাজ করছেন জয়া। দুই বাংলার দর্শকের কাছে তিনি দারুণ প্রশংসিত। তবে আজকের এই অবস্থানে আসার জন্য তাকে অনেক কাঠগড় পোহাতে হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তার ফেলে আসা দিনগুলোর কথা জানান। একই অনুষ্ঠানে জয়ার আগে এসেছিলেন তার সাবেক স্বামী ফয়সাল আহসান। তিনি এই অনুষ্ঠানে জয়ার বেশ প্রশংসা করেন বলে জানান অনুষ্ঠানের উপস্থাপক। এ সময় জয়াও সাবেক স্বামীকে নিয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘আমরা একটা সময় এক সঙ্গে ছিলাম। আমাদের একটা সম্পর্ক ছিল সেই সময়টা তো মিথ্যে না। কোনো কারণে আমরা একটা সময় আলাদা হয়েছি। এটাই হয়তো বাস্তবতা। তবে আমরা আলাদা থাকলেও কারও জন্য কারও শ্রদ্ধা বা সম্মানের কমতি নেই।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)