রোকসানা আক্তার
, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) বাস্তবায়নে কোনও ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
বুধবার (২০ মে) সকালে রাঙ্গমটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
সভায় উষাতন তালুকদার আরও বলেন যে, যে কোনো মূল্যে পার্বত্য অঞ্চল চুক্তি বাস্তবায়নে বাধ্য করা হবে। কোনো শিথিলতা দেওয়া হবে না। এ ব্যাপারে কোনো অজুহাত চলবে না। ‘আমরা আপনাদের ভোট দিয়েছি। এর বিনিময়ে আপনারা আমাদের জন্য কী করেন, সেটা আপনাদের ব্যাপার।’ চুক্তি বাস্তবায়নে বিলম্ব করলে তার ফল কী হবে, তা সময়ই বলে দেবে।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা রাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা প্রমুখ।