ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ২'শ পরিবারের মুখে হাসি,

আলমগীর হোসেন

, কালিগঞ্জ সাতক্ষীরা

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০৭:৫৯ পিএম
কালিগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ২'শ পরিবারের মুখে হাসি,

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মহেশ্বরপুর খালটি অবমুক্ত করেছে স্থানীয় সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে কৃত্রিম বাঁধ দিয়ে খালের স্বাভাবিক পানি প্রবাহ আটকে রাখায় সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় প্রায় ১০টি গ্রামের ২'শ টি পরিবার চরম ক্ষয়ক্ষতির শিকার হচ্ছিল। অবশেষে ভোগান্তি থেকে বাঁচতে স্থানীয় জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে এই বাঁধ অপসারণ করেন।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মহেশপুর খালটিতে অবৈধভাবে বাঁধ দেওয়ার ফলে দীর্ঘ দিন ধরে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এর ফলে মহেশপুরসহ আশপাশের ১০টি গ্রামের প্রায় ২'শ টি পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছিল। শুধু তাই নয়, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার শত শত বিঘা জমির আমন ধান ও শীতকালীন-সবজি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়া জলাবদ্ধতার কারণে বহু চাষীর পুকুরের মাছ ভেসে গিয়ে কোটি টাকার অর্থনৈতিক লোকসানের মুখে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

এমতাবস্থায় এলাকার কৃষি, মৎস্য সম্পদ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা রক্ষার্থে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন স্থানীয় জনতা। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো: আব্দুস সাত্তার সাহেবের উপস্থিতিতে ও নেতৃত্বে খালের অবৈধ বাঁধটি কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়। বাঁধ অপসারণের সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ গোলাম মোস্তফা, নুর ইসলাম গাজী, সিরাজুল ইসলাম, আয়ুব আলী, জাহাঙ্গীর সরদার, হামিদ সরদার, শেখ আকবর, আঃ কুদ্দুস, শোকের আলী গাজী এবং মোজাফফর গাজীসহ দুই শতাধিক গ্রামবাসী।
এ সময় খালের বাঁধ কাটায় অংশ নেওয়া ভুক্তভোগী কয়েকজন চাষী ক্ষোভ প্রকাশ করে বলেন, "কতিপয় স্বার্থান্বেষী মহলের খামখেয়ালিপনায় খালের পানি আটকে রাখায় আমাদের আমন ধান মাঠেই পচে যাচ্ছিল, সবজি ক্ষেত নষ্ট হচ্ছিল এবং অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। আমরা বারবার বলেও কোনো প্রতিকার পাইনি। আজ মেম্বার সাহেব ও গ্রামবাসী মিলে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে খালটি উন্মুক্ত করেছি। এখন পানি নামতে শুরু করায় আমরা স্বস্তি পাচ্ছি।"
স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস সাত্তার জানান, "জনগণের জানমাল এবং ফসল রক্ষা করা আমাদের দায়িত্ব। খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে ১০টি গ্রামের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হচ্ছিল। আজ জনগণের দাবির মুখে এই মহেশপুর খালের বাঁধ কেটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।"
মহেশপুর খালটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের অভিশাপ ও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলায় ধলবাড়িয়া ইউনিয়নের ১০টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক ও মৎস্য চাষীদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। এলাকার কৃষি অর্থনীতি সচল রাখতে এই খালে যেন আর কেউ নতুন করে বাঁধ দিতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও স্থায়ী হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)