প্রজন্ম২৪
, পাইকগাছা
পাইকগাছা পৌরসভার (সিটিসিআরপি) প্রকল্পের নির্মাণ কাজে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টা ২৮ মিনিটে আলোর ব্যবস্থা ছাড়াই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে লিন্টন ঢালাইয়ের কাজ করতে দেখা গেছে। তবে অত্যন্ত সংবেদনশীল এই কাজ চলাকালীন নির্মাণস্থলে উপস্থিত ছিলেন না কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, মূল ঠিকাদার কিংবা পৌরসভার কোনো প্রতিনিধি।
সরজমিনে দেখা যায়, তদারকি ছাড়াই পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের লোনা পানি কেন্দ্রের পিছনে অহেদ আলীর ঘেরের পাশে গেট সংলগ্ন শ্রমিকরা দায়সারাভাবে ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সাইটে উপস্থিত ঠিকাদারের প্রতিনিধি আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, “জোয়ার-ভাটার সমস্যার কারণে আমরা রাতে কাজ করছি”। তবে রাতের অন্ধকারে এবং প্রকৌশলীর অনুপস্থিতিতে ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজের গুণগত মান বজায় থাকা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, লিন্টন ঢালাইয়ের সময় সিমেন্ট, বালু ও খোয়ার সঠিক অনুপাত নিশ্চিত করা জরুরি। কিন্তু অন্ধকারে এবং কারিগরি তদারকি ছাড়া এই কাজ চলায় প্রকল্পের স্থায়িত্ব হুমকির মুখে পড়ছে।
দুঃখজনক বিষয় হলো, এ ব্যাপারে বক্তব্য জানতে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক্সেন নুর আহমদকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফলে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি বরাদ্দের এই প্রকল্পের কাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।