প্রজন্ম২৪
, খুলনা
সুন্দরবন-এ মধু আহরণে গিয়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়াল এখনো নিখোঁজ রয়েছেন। একই ঘটনায় আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকায় মোট আটজন ছিলেন বলে জানা গেছে।
পরের দিন চারজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি চারজনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া মৌয়ালদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে আনা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান জানান, ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেন। এরপর আকস্মিক ঝড়ে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। নিখোঁজদের সন্ধানে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।