প্রজন্ম২৪
, যশোর
যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’-এর জন্য এক একর পাঁচ শতক খাস জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া অনুসরণ করে শহরতলীর মালঞ্চী এলাকায় জমিটি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি শেষে সংশ্লিষ্টদের হাতে দলিল হস্তান্তর করা হয়।
মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত যশোর হার্ট ফাউন্ডেশনের এ অর্জনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে যশোরে একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার পথ আরও সুগম হলো।
ফাউন্ডেশনের সভাপতি, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম রশিদ বলেন, ‘যশোরের মতো একটি ঐতিহ্যবাহী জেলায় এখনো আধুনিক ও পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে গুরুতর রোগীদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হয়। এই বাস্তবতায় একটি আধুনিক হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা সময়ের দাবি ছিল।’
তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা বলেন, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শহরের এমকে রোডে অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জমি বরাদ্দ পাওয়া ফাউন্ডেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এদিকে জমির কাগজপত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসকের দপ্তরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, ডেপুটি কালেক্টর (রাজস্ব) বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শফিউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সভাপতি চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, সদস্য রফিকুল ইসলাম আরজু, তবিবর রহমান, আতিয়ার রহমান, খান তাজ উদ্দিন, শ্রাবস্তী আহমেদ, অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা।