প্রজন্ম২৪ ডেস্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের পথে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করেছেন।
এর ফলে আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সাক্ষাতের জন্য বিজয়কে আমন্ত্রণ জানিয়েছেন। বিজয়ের সঙ্গে দেখা করার জন্য তিনি কেরালা যাওয়ার ফ্লাইট বাতিল করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজ্যপালে সঙ্গে বিজয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সরকার গঠনের সমর্থনে পাওয়া সব দলের চিঠি জমা দিতে পারেন।
ইতোমধ্যে বিজয় তার বাসভবন ত্যাগ করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
সরকার গঠনের প্রচেষ্টায় নতুন গতি আসে যখন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) টিভিকেকে ‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে টিভিকের পক্ষে সমর্থনকারী বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। যদিও বিজয় দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দেবেন। ফলে টিভিকের কার্যকর আসনসংখ্যা হবে ১০৭ এবং বিধানসভার কার্যকর সদস্যসংখ্যা দাঁড়াবে ২৩৩। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার সীমা অপরিবর্তিতভাবেই টিভিকের নাগালের মধ্যে থাকবে।
বর্তমানে টিভিকে সমর্থন দিচ্ছে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), বিদুথালাই চিরুথাইগল কাচ্চি (ভিসিকে) ও আইইউএমএল। কংগ্রেসের রয়েছে পাঁচজন বিধায়ক, আর সিপিআই, সিপিআই(এম), ভিসিকে ও আইইউএমএলের রয়েছে দুজন করে বিধায়ক।
ভিসিকে সভাপতি থোল থিরুমাভালাভান আনুষ্ঠানিক সমর্থনপত্র দিয়ে জানিয়েছেন, তামিলনাড়ুর জনগণের স্বার্থে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠনের উদ্দেশ্যে আমরা নিঃশর্ত সমর্থন দিচ্ছি।
আইইউএমএলের নেতাদের পাঠানো চিঠিতেও বলা হয়েছে, স্থিতিশীল, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শাসনের স্বার্থে তারা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন দিচ্ছেন।
গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয় বিজয়ের টিভিকে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গভর্নর এখন পর্যন্ত সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাননি।
বিজয় সরকার গঠন করতে পারলে ১৯৬৭ সালের পর এই প্রথম ডিএমকে ও এআইএডিএমকে জোটের বাইরে কোনো নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।