প্রজন্ম24 ডেস্ক:
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী সিসিবিএল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের সি সি বি এল ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনা কবলিত স্থান থেকে ২৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাসনিম জুবায়ের নাদিম জানান, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় ২৩ জন আহত রোগী এ পর্যন্ত ভর্তি হয়েছে
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো উদঘাটন করা যায়নি।