প্রজন্ম২৪ ডেস্ক
RoboSub-এ অংশগ্রহণকারী প্রতিনিধি শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা RoboSub 2026-এ (আন্তর্জাতিক পানির নিচের রোবোটিক্স প্রতিযোগিতা) বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দফতরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশের হয়ে "প্রজেক্ট পোসাইডন'স কোড" নিয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই শিক্ষার্থীরা।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে তাদের সঙ্গে কথা বলেন এবং উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেন। তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহ দেন তিনি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এমন সৃজনশীল উদ্যোগ এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। পরে তিনি নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
মতবিনিময়কালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। বিদেশ যাত্রার আগে প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে ও তাঁর দিকনির্দেশনা নিতেই তারা এই সাক্ষাতে আসেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নিজেও এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল, যা বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ। ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।