বিশেষ প্রতিনিধি
পরিবারসহ ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ (শুক্রবার) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। যারা গত ৩ মার্চ অনলাইনে টিকিট সংগ্রহ করেছিলেন, তারা আজ ভ্রমণে বের হতে পারছেন।
ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় উপচে পড়ার দৃশ্য দেখা গেছে। সকাল থেকেই স্টেশন এলাকা যাত্রী ও তাদের পরিবারের উপস্থিতিতে কেবল ঘন হয়ে উঠেছে।
দেখা যায়, অনেকেই ঈদের আগে ঝামেলা এড়াতে আগেভাগে ঢাকা ছাড়ছেন। নারী যাত্রীর সংখ্যা বেশি এবং অনেকেই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছেন। শিশুদের চোখে মুখে বিশেষ করে আনন্দ লক্ষ্য করা গেছে। ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিথিলা বলেন, “অনেক দিন পর গ্রামে যাচ্ছি। দাদা-দাদির সঙ্গে ঈদ করবো, অনেক আনন্দ হবে।”
এদিকে, স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।