প্রজন্ম২৪ ডেস্ক
চট্টগ্রামে চলন্ত অবস্থায় ‘মেট্রো প্রভাতী’ নামে একটি বাসে হঠাৎ আগুন লাগে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী কম-বেশি আহত হয়েছেন। এর মধ্যে মাথা ফেটে গিয়ে পারভীন আক্তার নামে আহত এক নারী যাত্রীকে বায়েজিদ বোস্তামী এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর গতকাল সন্ধ্যায় ওই নারী বাসায় ফিরেছেন বলে তার স্বজনরা জানান।
এর আগে প্রধান সড়কে বাসটিতে আগুন লাগার খবরে সেখানে উৎসুক লোকজন ভিড় জমায়। ওই সময় কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে বাস ও স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের ইঞ্জিনে আগুন লাগার সময় তখন সেখানে অর্ধশতাধিক যাত্রী ছিল। সিটের বাইরে যাত্রী নেওয়ার কথা না থাকলেও তা মানা হয়নি। অনেকে দাঁড়িয়ে ছিল। এদিকে চলন্ত বাসে ভেতরে আগুন লাগার পর এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে দুপুরের পর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা কিছুই জানেন না।
আগুন লাগা বেসরকারি পরিবহন মেট্রো প্রভাতী বাসের যাত্রী এইচ এম হুজাইফা কালের কণ্ঠকে বলেন, ‘আমি ও আমার ফুফি দুপুরে ২ নং গেট এলাকা থেকে উঠি। সল্টগোলা ক্রসিং এলাকায় আসায় যাচ্ছিলাম। কিন্তু বাসটি ২ নং গেট থেকে জিইসি মোড় আসলে হঠাৎ আগুন দেখে সবাই তাড়াহুড়া করে নামছিলাম।
ওই সময় আগুন দেখেই আমার ফুফি অজ্ঞান হয়ে যান। তার মাথা ফেটে যাওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করি। বাসটিতে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিল।’
বাসে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, জিইসি মোড় এলাকায় এই রকম কোনো ঘটনা (বাসে আগুন) ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইঞ্জিনে আগুন লাগার পর সবাই চিৎকার করেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। এক পর্যায়ে সবাই বাস থেকে নেমে যান। আগুন নেভানোর প্রায় আধাঘণ্টা পর যানচলাচল আবার স্বাভাবিক হয়।