প্রজন্ম২৪ ডেস্ক
রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল-এ ৪০টি আইসিইউ শয্যা দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত আইসিইউ ইউনিট পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে আইসিইউ সেবা পায়, সে লক্ষ্যে দ্রুত ইউনিটটি চালু করতে হবে। তিনি জানান, দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ফ্লোরগুলো ঘুরে দেখেন এবং সেগুলো সংস্কার করে গড়ে তোলা আধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যালোচনা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অব্যবহৃত স্থান পুনর্ব্যবহার করে অত্যাধুনিক আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং চিকিৎসাসেবা সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।