প্রজন্ম২৪ ডেস্ক
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মসূচি অনুযায়ী, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের মহাসচিব, সিনিয়র নেতা ও অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।
এ ছাড়া ৩১ মে রবিবার দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে ঈদুল আজহা পড়ায় প্রয়োজনে আলোচনা সভা এক-দুদিন পরে করার সুযোগও রাখা হয়েছে বলে জানান তিনি।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল ও ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একইসঙ্গে সারাদেশে জেলা ও মহানগরীতে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও রাখা হয়েছে।