প্রজন্ম২৪ ডেস্ক
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো শর্তের সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের আলোচনা এখনো চলমান রয়েছে এবং তা আগামী ১৫ থেকে ২০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং এটি একটি চলমান প্রক্রিয়া।
তিনি আরও বলেন, দাতা সংস্থাগুলোর যেমন কিছু শর্ত ও প্রত্যাশা রয়েছে, তেমনি বাংলাদেশেরও নিজস্ব চাওয়া-পাওয়া রয়েছে। সব শর্ত মেনে নেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি।
সরকার জনগণের কাছে দায়বদ্ধ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এমনকি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্তও গ্রহণ করা হবে না।
তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময় আইএমএফের সঙ্গে নেওয়া কিছু শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। জনগণের স্বার্থবিরোধী হলে সেসব শর্ত গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের বর্তমান কর্মসূচির মেয়াদ আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে শেষ হবে। এরপর নতুন কোনো কর্মসূচিতে যাওয়া হবে কি না, তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রম বাদ দিয়ে কোনো শর্ত মানার সুযোগ নেই। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও দাতা সংস্থাগুলোর কাছে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার পুরোপুরি সমন্বয় করেনি। এতে তহবিলে চাপ তৈরি হলেও সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। তিনি আরও বলেন, শুধু তেলের দাম বাড়লেই মূল্যস্ফীতি বাড়ে না—এ ক্ষেত্রে আরও অনেক বিষয় ভূমিকা রাখে।