প্রজন্ম24
, ঢাকা
'পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়'- মাঘ মাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়, এই প্রবাদের সঙ্গে প্রকৃতির আচরণে এবার যেন খানিকটা অমিল। মাঘের শুরুতেই প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া। হাড় কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে শীত কি তবে বিদায় নিতে শুরু করেছে?
কয়েকদিন আগেই অবশ্য প্রচন্ড শীতে কেঁপেছে মানুষ। পৌষ মাসের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে থেকেছে গোটা দেশ, সপ্তাহজুড়েও মেলেনি রোদের দেখা।
বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসেই সব থেকে বেশি শীত অনুভূত হয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রায় খানিকটা পরিবর্তন হতে শুরু করে ধীরে ধীরে শীতের বিদায়ে আগমন ঘটে বসন্তের।
এবছর জানুয়ারির শুরুতে শীতের সেই দাপট কিছুটা অনুভূত হলেও কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে।
আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী, দেশের কয়েকটি জেলায় এখনও মৃদু শৈতপ্রবাহ চলমান থাকলেও বেশিরভাগ জেলার তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে রাত ও দিনের তাপমাত্রার ফারাকটা বেশ বড়।
শুক্রবার উত্তরের জনপদ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
দিনাজপুর, পঞ্চগড় ও রংপুর জেলায় মৃদু শৈতপ্রবাহ বয়ে গেলেও বাকি জেলাগুলোতে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।